রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

অপ্রতিম হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার, জবানবন্দিতে বেরিয়ে এলো আইফোন ছিনতাইয়ের পরিকল্পনা


প্রকাশ : (৪ ঘন্টা আগে)
অপ্রতিম হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার, জবানবন্দিতে বেরিয়ে এলো আইফোন ছিনতাইয়ের পরিকল্পনা

কুমিল্লায় শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, দামি আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে অপ্রতিমকে লালমাই পাহাড়ের নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ফোন কেড়ে নেওয়ার সময় বাধা দিলে তাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তুহিন, ফাহাদ ও কামরুল। এ ঘটনায় সিয়াম নামে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সুপার জানান, অপ্রতিম নিখোঁজ হওয়ার ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে আশপাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, গত ১৮ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে সোয়া ২টার মধ্যে তুহিন অপ্রতিমকে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন বনাঞ্চলের দিকে যায়।

পুলিশ প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে তুহিনকে নজরদারিতে রাখে। অপ্রতিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার আগেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে তুহিন হত্যাকাণ্ড এবং আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনার কথা স্বীকার করে বলে পুলিশ জানিয়েছে।

তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদকে এবং পরে ফাহাদের তথ্য অনুযায়ী কামরুলকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আইফোনটি হাতিয়ে নেওয়ার পরিকল্পনায় এই তিনজন সরাসরি জড়িত ছিল।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ঘটনার দিন বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে সানন্দা এলাকার গহিন জঙ্গলে অপ্রতিমের কাছ থেকে ফোনটি নেওয়ার চেষ্টা করা হয়। এতে অপ্রতিম বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের ভারী লাঠি দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করে। পরে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা ঘটনাস্থল থেকে আইফোনটি নিয়ে চলে যায়।

পুলিশ আরও জানায়, ফোন উদ্ধারের সময় তুহিন প্রথমে তদন্ত কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়েও ফোনটি পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে সে প্রকৃত তথ্য দিলে তার নিজ বাড়ি থেকে অপ্রতিমের আইফোনটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের প্রধান তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ বা আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি চলছে। অপ্রতিম হত্যা মামলাটিও দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে বিশেষ আবেদন করা হবে।

বিজ্ঞাপন