শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

স্বৈরাচার আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
স্বৈরাচার আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতনের সঙ্গে জড়িত থাকার পরও ক্ষমা না চাওয়া এবং অনুশোচনা না করায় আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছে। আর ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে দেশের জনগণকে মুক্ত করতে ১৬ থেকে ১৭ বছর লেগেছে। এ সময় আলেম-ওলামা ও ছাত্রসমাজের অনেকেই শহীদ হয়েছেন। তাঁদের অনেকের নাম ও কবরের ঠিকানা এখনো জানা যায়নি। অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত ১৬ থেকে ১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে তিনিও একজন ছিলেন। এ ছাড়া প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন। লাখ লাখ মানুষ হামলা-মামলার মাধ্যমে নিপীড়িত হয়েছেন।

তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা কি আবার সেই ফ্যাসিবাদীদের পুনরাগমন চাই? তাহলে সেই পরিস্থিতি তৈরির ক্ষেত্র কারা তৈরি করছে? গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করা কয়েকটি দলের সমালোচনা করে তিনি বলেন, তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা বা শরিয়াভিত্তিক আইন চালুর বিষয়ে কোনো অবস্থান নেই। মুখে এক কথা বললেও তাদের দলীয় নথিপত্রে ভিন্ন চিত্র পাওয়া যায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। আমরা ‘বিসমিল্লাহ’ সংযোজন করেছি এবং কোরআন পাঠ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করেছি। দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবার একটি অভিন্ন জাতীয় পরিচয় থাকবে।

তিনি আরও বলেন, দেশে জাতিগত বা ধর্মীয় বিভেদ সৃষ্টি হোক, তা তাঁরা চান না। ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করছে, তাদের কর্মকাণ্ডে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন নেই; বরং তারা বিভক্তি সৃষ্টি করছে। স্বাধীনতার আগে ও পরে বিভ্রান্তিমূলক রাজনীতির মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হয়েছে। আবারও সেই পথে যাওয়ার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন