সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা পাবেন পরীক্ষার সুযোগ; পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর)। অনলাইনে ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। আর পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর। আগামী ১ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে।
গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ড ফরম পূরণের বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে। নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ছাড়া) অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
যেভাবে ফরম পূরণ করবেন
ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (https://www.dhakaeducationboard.gov.bd/) প্রবেশ করে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করবে।
এরপর তালিকা থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর তথ্য যাচাই করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রিন্ট করতে হবে। ওই তালিকায় পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নেওয়ার পর অনলাইনে ইলেকট্রনিক ফরম ফিলআপ (বঋঋ) প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
পরীক্ষার ফি কত
বোর্ডের নির্ধারিত ফি অনুযায়ী, তত্ত্বীয় প্রতিটি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতিটি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা দিতে হবে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা।
ফি জমা দেওয়ার নিয়ম
পরীক্ষার সব ফি শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার কিংবা ট্রেজারি চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ নেই।
নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পরীক্ষার ফি ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করা হবে না। তাই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।