জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ১০টি যুব-নেতৃত্বাধীন সংগঠনকে ‘ইয়ুথ-লেড ক্লাইমেট অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে।
‘স্পার্ক দ্য চেঞ্জ, লিড দ্য ক্লাইমেট ফিউচার’ অর্থাৎ ‘পরিবর্তনের স্ফুলিঙ্গ, জলবায়ু ভবিষ্যতের নেতৃত্ব’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ভিএসও বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি নির্বাচিত ১০টি যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত ১০টি সংগঠনকে প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। আগামী তিন মাসের মধ্যে এ অর্থ দিয়ে তারা নিজ নিজ প্রস্তাবিত জলবায়ু বিষয়ক প্রকল্প বাস্তবায়ন করবে। এসব প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
ভিএসও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক কামালের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ভিএসও, ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (ভিডিএফ) এবং ‘ইয়ুথ-লেড ক্লাইমেট অ্যাওয়ার্ড’ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ২০২৬ সালের পুরস্কারপ্রাপ্ত সংগঠনগুলোর পাশাপাশি ২০২৫ সালের বিজয়ীরাও তাদের বাস্তবায়িত প্রকল্পের অভিজ্ঞতা ও প্রভাব তুলে ধরেন। কমিউনিটি পর্যায়ে জলবায়ু কার্যক্রম পরিচালনায় অব্যাহত অবদানের জন্য তাদেরও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।
এ ছাড়া যুব সংগঠনগুলোর জলবায়ু উদ্যোগ মূল্যায়ন ও বিজয়ী নির্বাচনে ভূমিকা রাখার জন্য ‘ইয়ুথ-লেড ক্লাইমেট অ্যাওয়ার্ড’-এর বিচারক প্যানেলের সদস্যদেরও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ভিডিএফ উপদেষ্টা কমিটির সভাপতি আবুল হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের জলবায়ু ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা এএসএম মারজান নূর, সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক মো. গোলাম মাহবুব, ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব (যুব-১ শাখা) মো. মাসুম আহমেদ,অনুষ্ঠানে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের অ্যাম্বাসেডর শহিদ ইসলাম সুজন, অ্যাওয়ার্ডপ্রাপ্ত সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, স্থানীয় পর্যায়ে যুবসমাজের নেতৃত্বে পরিচালিত উদ্ভাবনী ও কার্যকর জলবায়ু উদ্যোগকে উৎসাহিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের ভূমিকা আরও শক্তিশালী করাই ‘ইয়ুথ-লেড ক্লাইমেট অ্যাওয়ার্ড’-এর মূল লক্ষ্য।