সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

সাবেক আইজিপি ড. এম. এনামুল হক এর ইন্তেকাল


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
সাবেক আইজিপি  ড. এম. এনামুল হক এর ইন্তেকাল

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. এম. এনামুল হক রোববার (৩০ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজা আজ বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মরহুমকে গোদাগাড়ীতে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ডক্টর এম. এনামুল হক ১৬ অক্টোবর ১৯৯১ থেকে ৮ জুলাই ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর প্রিন্সিপালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি অত্যন্ত দক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করেছেন।

ড. এম. এনামুল হক ১৯৩৮ সালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্স থেকে লোক প্রশাসনে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। এছাড়া, তিনি দেশ-বিদেশের বহু খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন।

তিনি আইন কমিশন বাংলাদেশের সদস্যসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। তিনি ১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ইন্টারপোলের একমাত্র নির্বাচিত সদস্য ছিলেন।
একজন সুলেখক হিসেবে ড. এম. এনামুল হকের খ্যাতি ছিল। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৪টি। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বহু খ্যাতনামা পত্রিকা ও জার্নালে নিয়মিত কলাম লিখতেন।

আইজিপির শোক

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ড. এম. এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সম্পাদকের শোক

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. এম. এনামুল হকের ইন্তেকালে লালমনিরহাট বার্তা ও লালমনিবার্তা অনলাইনের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু, গেরিলা লিডার’৭১, এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনপূর্বক বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

বিজ্ঞাপন