চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের ৫৪.৯৯ একর জমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণের লক্ষ্যে এ জমি হস্তান্তর করা হচ্ছে।
বৃহস্পতিবার আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। পরে বিটিএমসির চেয়ারম্যান এবং সেনাবাহিনীর পক্ষে মিলিটারি এস্টেট অফিসার, ইস্টার্ন সার্কেল, চট্টগ্রাম চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।
সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে সেনাবাহিনীর আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি এ কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি বলেন, সরকার প্রতিরক্ষা সামগ্রীসহ দেশে উৎপাদিত বিভিন্ন পণ্য আন্তর্জাতিক বাজারে সমাদৃত করতে চায়। তাঁর আশা, সংশ্লিষ্টদের নেতৃত্বে প্রতিরক্ষা শিল্পসহ সশস্ত্র বাহিনী কাঙ্ক্ষিত সক্ষমতা অর্জনে আরও এগিয়ে যাবে।
উল্লেখ্য, রাষ্ট্রের একমাত্র অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিওএফ সম্প্রসারণের মাধ্যমে দেশে আধুনিক সমরাস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। এতে বৈদেশিক নির্ভরতা কমার পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা ও সমরাস্ত্র উৎপাদনে দেশের স্বনির্ভরতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিওএফের কমান্ড্যান্ট, বিএমএর কমান্ড্যান্ট, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডারসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।