বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) যশোর সেনানিবাসে সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার সমাপনী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৬৬ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ১৯ পদাতিক ডিভিশনের ল্যান্স কর্পোরাল মো. হোসেন আলী শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ৫৫ পদাতিক ডিভিশনের এনসি(ই) শান্ত সাহেব শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন।
গত ২২ আগস্ট শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশ নেয়।
সমাপনী অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, প্রতিযোগী খেলোয়াড় এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।