সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

তিস্তা ব্যারেজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, পানি বণ্টন ও বন্যা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
তিস্তা ব্যারেজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, পানি বণ্টন ও বন্যা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন। উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে রোববার তিনি দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ঘুরে দেখেন। এ সময় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, পানি বণ্টন ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় করেন তিনি।

রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রদূত সফরসঙ্গীদের নিয়ে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে অবস্থিত তিস্তা অবসর রেস্ট হাউজে পৌঁছান। এর আগে সকালে ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি।

তিন দিনের উত্তরবঙ্গ সফরে রাষ্ট্রদূত লালমনিরহাট ও পঞ্চগড় ছাড়াও ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন বলে জানা গেছে।

তিস্তা অবসর রেস্ট হাউজের সম্মেলন কক্ষে পৌঁছানোর পর স্থানীয় প্রশাসন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত। সভায় তিস্তা ব্যারেজের পরিচালন ব্যবস্থা, নদীর পানি বণ্টন, সেচ কার্যক্রম এবং উত্তরাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রুহুল আমিন, উত্তরাঞ্চল রংপুরের প্রধান প্রকৌশলী ড. সরফরাজ বান্দ, রংপুর সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মিজানুর রহমান, ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চন্দ্র, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান উপস্থিত ছিলেন।

এ ছাড়া নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা মতবিনিময় সভায় অংশ নেন।

সভা শেষে দুপুরে রাষ্ট্রদূত তিস্তা ব্যারেজের কন্ট্রোল রুম পরিদর্শন করেন। সেখানে তিনি তিস্তা নদীর বর্তমান পানির স্তর, সেচ ক্যানালে পানি সরবরাহের প্রক্রিয়া এবং ব্যারেজের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

পরে তিনি ব্যারেজের মূল সেতু পায়ে হেঁটে পরিদর্শন করেন। এ সময় তিস্তা ব্যারেজ ও নদীর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন মার্কিন রাষ্ট্রদূত।

পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টের উদ্দেশ্যে তিস্তা ব্যারেজ এলাকা ত্যাগ করেন।

বিজ্ঞাপন