সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ


প্রকাশ : (১৫ ঘন্টা আগে)
ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ

রাজধানী ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানান।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওয়ের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু করা হবে। এ জন্য একটি অ্যাপও তৈরি করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে অ্যাপ উন্নয়নের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের দীর্ঘদিনের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন করণীয় নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দিতে বুয়েটকে বলা হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে স্থায়ী টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

স্থায়ী টার্মিনাল নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় এর মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ করে এর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সচিবালয়ের আশপাশে যানজট কমাতে পার্কিং সুবিধা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। এ জন্য ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প পার্কিংয়ের স্থানও খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।

অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর যানজট নিরসনে শুধু একটি সংস্থার উদ্যোগ যথেষ্ট নয়। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। মানুষের দুর্ভোগ কমাতে সিদ্ধান্তগুলোর দ্রুত বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন