সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

তিস্তার ভাটিতে আরেকটি ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষার পানি ধরে রাখা হবে : রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষার পানি ধরে রাখা হবে : রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু এমপি বলেছেন, তিস্তার ভাটিতে আরেকটি ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষার পানি ধরে রাখা হবে। তিস্তার সাথে জড়িত ১৪টি শাখা নদীর গভীরতা বাড়িয়ে সেই পানি সংরক্ষণ করা হবে। আমরা চাই বর্ষার পর শুকনো মৌসুমে যেন তিস্তা মহাপরিকল্পনা কার্যকর থাকে। তিস্তার উজান থেকে যদি শুস্ক মৌসুমে পানি না পাই,প্রতিবেশী দেশ যদি পানি না দেয়া, তাহলে আমাদের পানি ধরে রাখতে হবে।  রবিবার (১৬ আগস্ট) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ তলা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর বিভাগের দুই কোটি মানুষের চিকিৎসার আস্থারস্থল। আমি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ায় প্রতি মাসে কমপক্ষে দুই থেকে তিনবার যাওয়া-আসার পথে হাসপাতাল পরিদর্শন করবো। যে কাজগুলোর দায়িত্ব দিয়েছি, তার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবো। হাসপাতালের জনবল সংকটের বিষয়টি ইতোমধ্যে প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এবার স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ বেশি, তাই শীঘ্রই জনবল সংকটের বিষয়টি সমাধান হবে।
তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনগুলোতে চিকিৎসাসেবা দেয়ার জায়গা সংকট রয়েছে। নতুন ভবনগুলো যেন দ্রুত নির্মাণ কাজ শেষে হয় সেই চেষ্টা করা হচ্ছে। আউটসোসিংয়ের মাধ্যমে যাদের নিয়োগ দেয়া হয়েছে তা, অপ্রতুল ছিল। স্বাস্থ্যমন্ত্রীকে আহ্বান করেছি, অল্প সময়ের মধ্যে রংপুরে হাসপাতাল পরিদর্শন করে জনবল নিয়োগ দেবেন এবং যতদিন পর্যন্ত না এটি হচ্ছে, ততদিন পর্যন্ত আউটসোসিংয়ের বরাদ্দ বাড়িয়ে দেবেন। এছাড়া হাসপাতালে পরিচ্ছন্নতা ও রোগীর সেবার মান বাড়াতে কাজ করা হচ্ছে। হাসপাতালে লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের যথেষ্ট অগ্রগতি হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যরা।

বিজ্ঞাপন