বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

সারাদেশে বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধের নির্দেশনা


প্রকাশ : (২ ঘন্টা আগে)
সারাদেশে বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধের নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। বুধবার (১২ আগস্ট) থেকেই এ নির্দেশনা কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করার পাশাপাশি সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠেয় বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করতে বলা হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবার প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

মন্ত্রণালয় জানায়, এর আগে গত ১১ জুন জারি করা প্রজ্ঞাপনে বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই সময় এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়েছে।

এর আগে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সময় কয়েক দফা পরিবর্তন করা হয়। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১১ জুন দোকানপাট খোলার সময় বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এবার বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সেই সময়সীমা আবারও এক ঘণ্টা কমানো হলো।

বিজ্ঞাপন