রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠান টিকিয়ে রাখতে সহযোগিতা করবে সরকার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী


প্রকাশ : (৭ ঘন্টা আগে)
ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠান টিকিয়ে রাখতে সহযোগিতা করবে সরকার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে সরকার সার্বিক সহযোগিতা করবে। শিল্পের সঙ্গে কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনের গভীর সম্পর্ক রয়েছে। শিল্পকে বাঁচিয়ে রাখা সরকারের দায়িত্ব।

শনিবার (১৫ই আগস্ট) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সোমা চা বাগান পরিদর্শন শেষে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, লালমনিরহাট দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। জেলার অর্থনীতি মূলত কৃষিনির্ভর এবং কর্মসংস্থানের সুযোগও সীমিত। এমন বাস্তবতায় ব্যক্তি উদ্যোগে বড়ো শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রয়োজনীয় সহযোগিতা না পেয়ে উদ্যোক্তাকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাটের মানুষ উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে অনেক প্রত্যাশা নিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছেন। সেই প্রত্যাশা পূরণে শিল্পায়নকে অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানকে দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের জন্য সরকারের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নতুন বাজেটে উত্তরাঞ্চলের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ অঞ্চলের উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণের সুদ কমানো এবং বিভিন্ন ক্ষেত্রে শুল্ক ও ডিউটি সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমা চা বাগান প্রসঙ্গে তিনি বলেন, এ শিল্পপ্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ২০০ থেকে ২৫০ জনের কর্মসংস্থান হয়েছে। প্রতিষ্ঠানটি পূর্ণ সক্ষমতায় চালু করা সম্ভব হলে আরও অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে। একটি শিল্পপ্রতিষ্ঠান সফল হলে তা দেখে অন্য উদ্যোক্তারাও শিল্প স্থাপনে উৎসাহিত হবেন বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী আরও আশ্বাস দেন, সোমা চা শিল্পপ্রতিষ্ঠানটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে পুনরায় উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। একই সঙ্গে চা শ্রমিকদের কল্যাণের বিষয়েও গুরুত্বারোপ করে তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে চা শ্রমিকদের ভাতা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। চা শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, সরকারি কর্মকর্তা, চা শ্রমিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন  

বিজ্ঞাপন