বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য
/ জাতীয়

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার পরিশোধ করলেন ট্রাম্প


প্রকাশ :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়ন ও মানহানি মামলায় লেখিকা ই. জিন ক্যারল আদালতের নির্দেশনা অনুযায়ী ৫৬ লাখ ডলারেরও বেশি ক্ষতিপূরণ বুঝে পেয়েছেন।

আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালে জুরির রায়ে নির্ধারিত ৫০ লাখ ডলার ক্ষতিপূরণের সঙ্গে সুদ যোগ হয়ে মোট অর্থ সম্প্রতি ক্যারলের কাছে হস্তান্তর করা হয়েছে। এতদিন অর্থটি একটি বিশেষ এসক্রো অ্যাকাউন্টে সংরক্ষিত ছিল। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় বহাল রাখার পর ফেডারেল বিচারক অর্থ ছাড়ের নির্দেশ দেন।

ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান এক বিবৃতিতে জানান, তার মক্কেল আদালত নির্ধারিত সম্পূর্ণ ক্ষতিপূরণ পেয়েছেন। অর্থ পাওয়ার পর ৮২ বছর বয়সী ক্যারল এক প্রতিক্রিয়ায় রসাত্মক ভঙ্গিতে লেখেন, দ্য ইগল হ্যাজ ল্যান্ডেড, অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে।

অন্যদিকে, ট্রাম্পের আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিতের আবেদন আদালত খারিজ করে দিলেও তারা উচ্চ আদালতে নতুন করে আপিল করেছেন।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালে নিউইয়র্কের একটি ডিপার্টমেন্টাল স্টোরের পোশাক পরিবর্তনের কক্ষে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন বলে অভিযোগ করেন ই. জিন ক্যারল। ২০১৯ সালে প্রকাশিত স্মৃতিকথায় তিনি বিষয়টি সামনে আনলে ট্রাম্প অভিযোগ অস্বীকার করে ক্যারলকে মিথ্যাবাদী আখ্যা দেন। এরপরই মানহানির মামলা করেন ক্যারল।

উল্লেখ্য, এই মামলার বাইরে ২০২৪ সালে পৃথক একটি মানহানি মামলায় ক্যারলের পক্ষে প্রায় ৮ কোটি ৩০ লাখ ডলার ক্ষতিপূরণের রায়ও হয়েছে। সেই রায়ের বিরুদ্ধেও ট্রাম্পের আপিল প্রক্রিয়া এখনও চলমান।