দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, ‘এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ এবং ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’।
এদিকে একই দাবিতে রাজধানীর শাহবাগ, উত্তরা ও মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও বিক্ষোভের ঘোষণা দেন আন্দোলনকারীরা। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সায়েন্সল্যাব ছাড়া অন্য এলাকায় উল্লেখযোগ্য কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি।