থার্ড টার্মিনালসহ দেশের ৬টি বিমানবন্দর প্রকল্পে সংঘটিত কথিত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের ঘটনায় দুদকের মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সারোয়ার ওয়াদুদ চৌধুরী অভিযোগ করেন, দুদকের মামলার আসামিসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) সদস্য (অর্থ) এস এম লাভলুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক, বর্তমান প্রধান প্রকৌশলী জাকারিয়া আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকল্প পরিচালক (পিডি) আমিনুল হাসিব, ইউনুস ভূঁইয়া, সহকারী প্রকৌশলী শাহিন আহমেদ ও ইসমাইল হোসেন, দুদকের সাবেক মহাপরিচালক (ডিজি) সৈয়দ ইকবাল হোসেন, দুদকের ডাটা এন্ট্রি অপারেটর মোরশেদা আক্তার এবং তার স্বামী খুররমের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। এ সময় প্রতিনিধিদল মন্ত্রীর কাছে একটি অভিযোগপত্রও দাখিল করে।
জবাবে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা অভিযোগগুলো দ্রুত যাচাই-বাছাই করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দুর্নীতির বিষয়গুলো দ্রুত তদন্তের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, কাইয়ুম রেজা চৌধুরী, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. এ. এম. নুরুজ্জামান, মহান মুক্তিযুদ্ধের গেরিলা লিডার এস. এম. শফিকুল ইসলাম কানু, সাবেক অতিরিক্ত সচিব ড. আব্দুল হক তালুকদার, মাওলানা ভাসানীর পুত্রবধূ পারভীন নাসের খান ভাসানী, অবসরপ্রাপ্ত কর্নেল ড. প্রকৌশলী আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু মো. যোবায়ের উল্লাহ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, মন্ত্রীর একান্ত সচিব (পিএস) শফিকুল আলম, জনসংযোগ কর্মকর্তা (পিআরও) তারিকুল ইসলামসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।