বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রোববার (২৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান দুই দেশের প্রতিরক্ষা খাতের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠকগুলোতে বাংলাদেশের সঙ্গে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
আইএসপিআর আশা প্রকাশ করেছে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সামরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।