লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আব্দুল জলিল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই পাগলার বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল ওই এলাকার আলগেস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে, জমিজমা নিয়ে আলগেস আলীর পরিবারের সঙ্গে তার ভাই আব্দুর রাজ্জাকের প্রায় ১০ বছর ধরে পারিবারিক বিরোধ ও মামলা চলে আসছিল। শনিবার দুপুরে এই বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালীন চাচা আব্দুর রাজ্জাক ও চাচাতো ভাই সাদ্দাম হোসেন লাঠি দিয়ে আব্দুল জলিলকে লক্ষ্য করে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা জলিলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজান আলী জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। ঘটনার সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এবং গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।