শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

এনআইডি নবায়নে কড়াকড়ি, নতুন বিধান আনছে নির্বাচন কমিশন


প্রকাশ :

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর মেয়াদ পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে নবায়নের সুযোগ থাকলেও এটি বাধ্যতামূলক নয়। তবে নাগরিকদের পরিচয়সংক্রান্ত তথ্য হালনাগাদ ও নির্ভুল রাখতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘ সময়ের ব্যবধানে একজন ব্যক্তির চেহারা, আঙুলের ছাপসহ বিভিন্ন বায়োমেট্রিক তথ্যের পরিবর্তন হতে পারে। এছাড়া লিঙ্গ পরিবর্তনসহ বিভিন্ন কারণে পরিচয় যাচাইয়ে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এসব বিষয় বিবেচনায় নির্দিষ্ট সময় পরপর এনআইডি নবায়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী, একটি এনআইডির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত ফি দিয়ে কমিশনের কাছে নবায়নের আবেদন করা যাবে।

এছাড়া জাতীয় পরিচয়পত্র বিধিমালা অনুযায়ী, ফরম-৫ পূরণ করে সরাসরি অথবা অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ‘সাধারণ’ বা ‘জরুরি’—দুই ধরনের হতে পারে। সাধারণ আবেদন স্থানীয় কার্যালয়ে এবং জরুরি আবেদন কমিশনে জমা দিতে হবে।

বর্তমান বিধি অনুযায়ী, সাধারণ আবেদন ৩০ দিনের মধ্যে এবং জরুরি আবেদন ৭ দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা রয়েছে। সাধারণ নবায়ন ফি ১০০ টাকা এবং জরুরি নবায়ন ফি ১৫০ টাকা।

অন্যদিকে, এনআইডি হারিয়ে গেলে, নষ্ট হলে বা প্রতিস্থাপনের প্রয়োজন হলে আলাদা ফি দিতে হয়। প্রথমবার সাধারণ আবেদনে ২০০ টাকা ও জরুরি আবেদনে ৩০০ টাকা, দ্বিতীয়বার যথাক্রমে ৩০০ ও ৫০০ টাকা এবং পরবর্তী প্রতিটি আবেদনে সাধারণের জন্য ৫০০ টাকা ও জরুরির জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। বর্তমানে প্রয়োজন অনুযায়ী নাগরিকরা আবেদন করে এনআইডি নবায়ন বা নতুন কার্ড সংগ্রহ করতে পারছেন।

এদিকে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানান, বিষয়টি এখনও পর্যালোচনাধীন রয়েছে। সব দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।