বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বেইজিংয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা ও বিভিন্ন উন্নয়ন সহযোগিতার বিষয় গুরুত্ব পায়।
বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের মধ্যে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারকে সই হয়।
এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ হাসান আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক এবং চুক্তিগুলো বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।