রংপুর নগরীতে অস্ট্রেলিয়ার একটি গ্রুপের ভূয়া পেজ খুলে রংপুরে ভিসা প্রতারণা চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলো, নগরীর উত্তম হাজীরহাটের আবুল কাশেমের ছেলে রুহানুর রহমান (২৩), নীলফামারী সৈয়দপুর খাতা মধুপুর এলাকার আব্দুল গফুরের ছেলে শফিক ইসলাম (৩১) ও কিশোরগঞ্জ ঘোনপাড়া গ্রামের বাদল মিয়ার ছেলে হিমেল ইসলাম (২২)।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলন করে জানান, দুপুরে নগরীর কলেজপাড়ার একটি হাউজিং সোসাইটির ভাড়া বাসায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে আটকসহ তাদের কাছে থাকা ১০টি বাংলাদেশী ও ২টি অস্ট্রেলিয়ান ভূয়া পাসপোর্ট, ভূয়া অফারলেটার, ভিসা ডকুমেন্ট, অর্থ আদায়ের রশিদ, ভূয়া বিমানের টিকেটসহ প্রতারণার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। প্রতারক চক্রটি অফিসে প্যানফ্লেক্স ব্যানার, নেমপ্লেটসহ নানা সরঞ্জাম দিয়ে অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক অসচেতন ব্যক্তি ও প্রবাসীদের মাঝে বিশ্বাস স্থাপন করে প্রতারণা করে আসছিল। সেই সাথে পাসপোর্টে ভূয়া ভিসা পেস্টিং করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিতো ওই চক্রটি। আটককৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।