মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার


প্রকাশ :

দেশে বজ্রাঘাতে প্রাণহানি কমাতে সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য শিরীন সুলতানার লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, বজ্রপাতের ঝুঁকি ও এ সময় করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করতে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, লিফলেট, পোস্টার, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ ও পূর্বাভাস ব্যবস্থার মাধ্যমে বজ্রপাতের আগাম সতর্কবার্তা প্রদান করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এসব পূর্বাভাস ও সতর্কবার্তা গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া ইন্টিগ্রেটেড ভয়েস রেসপন্স (আইভিআর) ব্যবস্থার মাধ্যমেও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের কাছে সতর্কবার্তা পাঠানো হচ্ছে।

বজ্রপাতপ্রবণ এলাকায় ঝুঁকি কমাতে তালগাছ রোপণ কর্মসূচি গ্রহণ এবং কৃষকদের নিরাপত্তার জন্য ছাউনি-সংবলিত বজ্রনিরোধক দণ্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংসদে সরকারি দলের সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, দেশে দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রস্তুতি, সাড়া প্রদান, পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমকে আরও কার্যকর করতে সরকার ইতোমধ্যে ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২’, ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা-২০১৫ ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা’ এবং ‘স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার (এসওডি)-২০১৯’ প্রণয়ন করেছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে সময়োপযোগী করতে বর্তমানে ‘এসওডি-২০১৯’ সংশোধন এবং ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা (এনপিডিএম) ২০২৬-২০৩০’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনায় গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রী সম্প্রতি ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর নির্মাণকাজ উদ্বোধন করেছেন বলে জানান মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি দেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।