দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন শিশু।
শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় তিনজন, সিলেটে দুজন, চট্টগ্রামে একজন এবং ময়মনসিংহে দুজন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৪৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর আরও ৯০ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ফলে চলমান প্রাদুর্ভাবে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৩ জনে।
এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ৬৯ হাজার ৬১২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে ৫৫ হাজার ৭০৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৫২ হাজার ৫০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, একই সময়ের মধ্যে পরীক্ষার মাধ্যমে ৮ হাজার ৯৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।