বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

১৪ বছর পর বাংলাদেশি নারীর এভারেস্ট জয়


প্রকাশ :

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুন্নাহার নিম্নি। একই সঙ্গে তিনি বাংলাদেশের অষ্টম এভারেস্টজয়ী হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। বুধবার (২৭ মে) নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি।

এর মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর পর আবারও কোনো বাংলাদেশি নারী এভারেস্টের চূড়ায় উঠলেন। এর আগে ২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে শিখরে ওঠেন ওয়াসফিয়া নাজরীন।

নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়ের বিষয়টি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে নিম্নি সফলভাবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। অভিযান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘8K Expedition’-এর পক্ষ থেকে অ্যাঙ তেম্বা শেরপা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন।

এভারেস্ট জয়ের লক্ষ্যে গত ২৫ মে ক্যাম্প-২ থেকে যাত্রা শুরু করেন নিম্নি। পরে তিনি ক্যাম্প-৩ ও ক্যাম্প-৪ অতিক্রম করে চূড়ান্ত অভিযানে অংশ নেন। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পথ পাড়ি দিয়ে সারারাত আরোহনের পর বুধবার ভোরে এভারেস্টের শীর্ষে পৌঁছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়ান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দাওয়া নুপু শেরপা ও লাকপা থিনদুক শেরপা।

বিএমটিসি জানায়, চলতি বছরের ১১ এপ্রিল এভারেস্ট অভিযানে অংশ নিতে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন নুরুন্নাহার নিম্নি। অভিযানের পরিকল্পনা করে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পনসর করে পূবালী ব্যাংক পিএলসি।

রংপুরে বেড়ে ওঠা নুরুন্নাহার নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে তিনি পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর এই সাফল্যে দেশের পর্বতারোহণ অঙ্গনে নতুন গৌরবের অধ্যায় যুক্ত হলো।