সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

হজে গিয়ে সৌদি আরবে ২৮ বাংলাদেশির মৃত্যু


প্রকাশ :

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ১৯ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন।

সোমবার (২৫ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (বেবিচক) ও বাংলাদেশ হজ অফিস যৌথভাবে এ তথ্য জানিয়েছে।

হজ অফিসের তথ্যমতে, এ বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা দলের সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন। এছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি ও সরকারি কারিগরি-প্রশাসনিক দলের সদস্য রয়েছেন ৭৭৪ জন।

হজযাত্রী পরিবহনে মোট ২০১টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯৮টি, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ৩০টি ফ্লাইট।

যাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইনসে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাসে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।

আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে হাজিদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট বাংলাদেশে আসবে ৩০ মে। ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।