শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় আবারো ফিরে গেল বিএসএফ


প্রকাশ :

লালমনিরহাট পাটগ্রাম উপজেলার কলসীমুখী সীমান্তের পর দহগ্রাম সীমান্তে তিনবিঘা করিডোর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বাধার মুখে তা বন্ধ হয়ে যায়। পরে উভয় বাহিনীর সদস্যরা নিজ নিজ অবস্থানে ফিরে গেছেন। 

শুক্রবার বিকেলে দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ তিনবিঘা করিডোর এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০-এস এর নিকট বিএসএফ  খুঁটি স্থাপনের কার্যক্রম শুরু করার চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে মুখোমুখি অবস্থান নেয়। এতে বিএসএফ সদস্যরা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়।

ঘটনার পর সীমান্তের নিকটবর্তী এলাকায় বিজিবির ৪ থেকে ৫ সেকশন সদস্য এবং ভারতীয় অংশে প্রায় ৪০ থেকে ৫০ জন বিএসএফ সদস্য প্রতিরক্ষামূলক অবস্থান নেয়। উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে টেলিযোগাযোগের মাধ্যমে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার পর বিএসএফ তাদের সব ধরনের কার্যক্রম স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর বিজিবি সদস্যরাও নিজ নিজ ক্যাম্পে ফিরে যায়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ১৭৪ বিএসএফের তরুণ ক্যাম্পের সদস্যরা একই উপজেলার কলসীমুখী সীমান্ত এলাকার বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। সে সময়ও বিজিবির বাধার মুখে তারা পিছু হটে স্থান ত্যাগ করে। পরে শুক্রবার বিকেলে পুনরায় তিনবিঘা করিডোর এলাকায় একই ধরনের চেষ্টা চালানো হয়।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় অবৈধভাবে খুঁটি স্থাপনের প্রচেষ্টা বিজিবি প্রতিহত করেছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।