রাজধানীর আদালতে হাজিরা দিতে এসে তীব্র গরম ও নিরাপত্তা সরঞ্জাম নিয়ে অস্বস্তির কথা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার (২১ মে) সকালে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।
আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান থেকে নামানোর সময় সালমান এফ রহমানকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে হাজতখানায় নেওয়া হচ্ছিল। এসময় তিনি বলেন, “এই গরমে এসব পরে মরেই যাবো। অনেক গরম, খুব গরম।” তার সঙ্গে আদালতে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে।
এর কিছুক্ষণ পর আরেকটি প্রিজনভ্যানে করে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়। প্রিজনভ্যান থেকে নামার সময় তাকে পুলিশের কাঁধে ভর দিয়ে হাঁটতে দেখা যায়। এসময় তিনি বলেন, “হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন। ব্যথা এখনো রয়েছে।” তবে কোন হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে, তা জানা যায়নি।
আদালত সূত্র জানায়, মানি লন্ডারিংয়ের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে সালমান এফ রহমান, আনিসুল হক ও সাদেক খানকে আদালতে আনা হয়। আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের মতে, গ্রেপ্তারের পর এই প্রথম প্রকাশ্যে সালমান এফ রহমানকে বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে।