বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে নতুন সিদ্ধান্ত, হচ্ছে না কোরবানি


প্রকাশ :

আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে এবার আর কোরবানি দেওয়া হচ্ছে না। বিভিন্ন মহলে আলোচনা ও অতিরিক্ত জনসমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে মহিষটিকে আগের খামারেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৭ মে) সংশ্লিষ্ট সূত্র জানায়, কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে বিক্রি হওয়া মহিষটি পুনরায় ফিরিয়ে এনে নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে। ক্রেতাকে অর্থ ফেরত দেওয়ার মাধ্যমে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।

জানা গেছে, মহিষটিকে ঘিরে মানুষের আগ্রহ দিন দিন বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনা হয়। ফলে আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে কোরবানি না দিয়ে খামারেই লালন-পালনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে বেড়ে ওঠা প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। এর সাদা রঙের লোম ও বিশেষ ধরনের চেহারার কারণে অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে পাওয়ায় এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার পর দেশ-বিদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে মহিষটি। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সুত্র : ইত্তেফাক