লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩০শে মে) বিকালে লালমনিরহাট শহরের মিশন রোডস্থ হামার বাড়িতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। লালমনিরহাট জেলা বিএনপি অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একজন সাহসী সৈনিক। তিনি বলেন, বাংলাদেশকে আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদান অপরিসীম। তাঁর নেতৃত্বে কৃষি, শিল্প, অবকাঠামো ও গ্রামীণ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
মন্ত্রী আরো বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এর আগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।