রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

পে-স্কেল বাস্তবায়নে ধাপভিত্তিক পরিকল্পনা, বাজেটে আসতে পারে ঘোষণা


প্রকাশ :

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম জাতীয় বেতন কাঠামো বা পে-স্কেল নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেলের ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে একযোগে পুরো সুবিধা কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।

আগামী ৭ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নতুন বাজেট উপস্থাপন করবেন। তখন নতুন পে-স্কেলের কাঠামো তুলে ধরা হতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় ধাপে ধাপে এটি কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার সম্ভাব্য বরাদ্দ নিয়ে কাজ চলছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে মূল বেতন আংশিক বাড়ানো হবে। পরে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হবে। সরকারের লক্ষ্য ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে শতভাগ সুবিধা নিশ্চিত করা।

নতুন পে-কমিশনের আওতায় প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ৯ লাখ পেনশনার সুবিধা পাবেন। চাকরিজীবী নেতারা বলছেন, ২০১৫ সালের পর জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বেড়ে যাওয়ায় দ্রুত নতুন বেতন কমিশনের গেজেট প্রকাশ জরুরি।

প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলে গ্রেড-১ এ বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা এবং গ্রেড-২০ এ ২০ হাজার টাকা। তবে চূড়ান্ত গেজেট প্রকাশের পর এতে পরিবর্তন আসতে পারে।

উল্লেখ্য, দেশে প্রথম জাতীয় বেতন স্কেল চালু হয় ১৯৭৩ সালে। এরপর ২০১৫ সাল পর্যন্ত মোট আটবার নতুন পে-স্কেল ঘোষণা করা হয়েছে। বর্তমানে নতুন কাঠামো নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে পর্যালোচনা চলছে।