রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

দহগ্রাম সীমান্তে সিআরআই’র সাবেক নির্বাহী পরিচালক আটক


প্রকাশ :

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর সাবেক নির্বাহী পরিচালক সাব্বির বিন শামসকে আটক করেছে লালমনিরহাটের পাটগ্রাম থানা পুলিশ| শনিবার (১৬ মে) দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়|

পুলিশ জানিয়েছে, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়| পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন| তার কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে|

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক জানান, সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক মামলা রয়েছে| অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে| অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে|

জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্ট তিনি ভারতে চলে যান| দীর্ঘ সময় সেখানে অবস্থানের পর সম্প্রতি বাংলাদেশে ফেরার চেষ্টা করেন| সাব্বির বিন শামস আওয়ামী লীগ ঘনিষ্ঠ গবেষণা প্রতিষ্ঠান সিআরআই’র নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন| এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে মিনিস্টার পদেও দায়িত্ব পালন করেন|

এদিকে তার আটকের ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী আরও তদন্ত করছে বলে জানা গেছে|