লালমনিরহাটে পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ (আমেরিকান ডলার) মো: লিখন মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায় লালমনিরহাট থানার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। লালমনিরহাট থানার এসআই (নিঃ) মো: সোহাব উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল ‘হাইওয়ে-০১’ অভিযান ডিউটি পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা টোল প্লাজার দক্ষিণ পার্শ্বে একটি অটো রিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় কুড়িগ্রামের খোচাবাড়ী এলাকার মো: নুরনবী সরকারের ছেলে লিখন মিয়ার দেহ তল্লাশি করে তার শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অবস্থায় ১ লক্ষ ৫৯ হাজার ৩০০ ইউএস ডলার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মুদ্রার মধ্যে ১০০ ডলারের ১৫৮১টি নোট এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনিংস সাদ আহমেদ জানায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ‘ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭’ (Foreign Exchange Regulation Act, 1947) অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জনসমক্ষে ও সাক্ষীদের উপস্থিতিতে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।