অন্তর্বর্তী সরকারের মেয়াদে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন। এতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম, প্রণীত আইন, গঠিত সংস্কার কমিশন এবং দেশীয় ও আন্তর্জাতিক চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
রিটে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করতে একটি স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
আইনজীবী মহসিন রশিদ জানান, বিকেলে হাইকোর্টে বিষয়টি শুনানির জন্য উপস্থাপনের চেষ্টা করা হবে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে, একই আইনজীবী বর্তমান সরকারের গঠন ও শপথ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট করেছিলেন। তবে হাইকোর্ট তা খারিজ করলে আপিলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকারের বৈধতা বহাল রাখে।