সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

পশ্চিমবঙ্গ নির্বাচনের ভোট গণনার কারণে আবারো বুড়িমারী স্থলবন্দর বন্ধ


প্রকাশ :

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনের ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ রোববার (৩ মে) সকাল ৬টা থেকে গণনা শেষ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত সিল করে মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় প্রশাসন। এর ফলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও বন্ধ হয়ে গেছে।

ভারতের কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী জিতিন যাদব এবং জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শ্রী সন্দীপ কুমার ঘোষ স্বাক্ষরিত পৃথক দুটি নির্দেশনায় এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ দুটি চিঠির বরাতে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

গত ৩০ মে জারি করা কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় উল্লেখ করা হয়, ‘কোচবিহার, বিএনএসএস, ২০২৩-এর ধারা ১৬৩(২) অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে এই মর্মে একতরফা আদেশ জারি করছি যে, এই জেলার আওতাধীন আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ব্যক্তি ও যানবাহনের যাতায়াত ৩ মে ২০২৬ সকাল ৬টা থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে।’

অন্যদিকে, একই তারিখে পশ্চিমবঙ্গ সরকারের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট (বিচারিক মুন্সিখানা) জারি করা পৃথক নির্দেশনায় বলা হয়েছে, ‘ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ৩ মে ২০২৬ সকাল ৬টা থেকে এই জেলার এখতিয়ারভুক্ত ভারতীয় ভূখণ্ডে ভুটান ও বাংলাদেশে গমন এবং যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হলো।’

তবে নিষেধাজ্ঞার মধ্যেও কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিতে ভুটান ও বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত, ভারতীয় নাগরিক বা বিদেশি পর্যটক যারা ইতোমধ্যে ভুটানে অবস্থান করছেন তাদের যথাযথ প্রক্রিয়ায় বৈধ ভ্রমণ নথি প্রদর্শনের মাধ্যমে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। এছাড়া সীমান্ত চেকপোস্টে কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে পচনশীলসহ অত্যাবশ্যকীয় পণ্যবাহী যানবাহন চলাচলের অনুমতি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে জেলা ম্যাজিস্ট্রেটরা এ নিষেধাজ্ঞা জারি করেছেন। ফলে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর প্রভাব হিসেবে ৩ ও ৪ মে বুড়িমারী স্থলবন্দরেও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ৫ মে থেকে যথারীতি কার্যক্রম পুনরায় চালু হবে।’

নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে কোচবিহার ও জলপাইগুড়ি জেলা প্রশাসন কলকাতার প্রধান নির্বাচন আধিকারিক (কমিশনার), সংশ্লিষ্ট বিভাগের কমিশনার, নির্বাচন পর্যবেক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনী ব্যয় তদারকি দল, শিলিগুড়ি পুলিশ কমিশনার, কোচবিহার পুলিশ সুপার, বিএসএফসহ মোট ৫৩টি দপ্তরে নির্দেশনার অনুলিপি পাঠিয়েছে।

অন্যদিকে, বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও বাংলাদেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বিজিবি, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, স্থানীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও গোয়েন্দা সংস্থাকে লিখিতভাবে বিষয়টি অবহিত করেছে।

এ বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) মতলেবুর রহমান বলেন, ‘ভারতের চ্যাংড়াবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবে—এমন তথ্য আমরা পেয়েছি। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমসের অভ্যন্তরীণ কার্যক্রম যেমন পরীক্ষণ, শুল্কায়ন এবং যাত্রীসেবা কার্যক্রম স্বাভাবিকভাবেই চালু রয়েছে।’