বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, অবস্থান অপরিবর্তিত


প্রকাশ :

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। বিসিবির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশ দলের জন্য নিরাপদ পরিবেশ নেই এবং দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না।

ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশের সম্মান ও নিরাপত্তাই সরকারের প্রধান বিবেচ্য। তাঁর ভাষায়, দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ ক্রিকেট খেলার কোনো ইচ্ছা নেই। বাংলাদেশ চায়, আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো আয়োজন করা হোক।

এর আগে খেলোয়াড়, কর্মকর্তা, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি আইসিসিকে চিঠি দেয় এবং ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায়। জবাবে আইসিসি জানায়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ নেই এবং বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হলে তা বিসিবিসহ সব বোর্ডকে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

তবে আইসিসির এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আইসিসির চিঠিতে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য তৈরি হওয়া গুরুতর নিরাপত্তা ঝুঁকির বিষয়টি যথাযথভাবে উপলব্ধি করা হয়নি। তাঁর মতে, এটি শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, বরং জাতীয় মর্যাদার সঙ্গেও জড়িত।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ টেনে ক্রীড়া উপদেষ্টা বলেন, এসব ঘটনাই প্রমাণ করে ভারতে বর্তমানে খেলাধুলার জন্য অনুকূল পরিস্থিতি নেই। তিনি স্পষ্ট করেন, বাংলাদেশের ক্রিকেটার, দেশ ও জাতীয় সম্মানের প্রশ্নে সরকার কোনো ধরনের সমঝোতায় যাবে না।

অধ্যাপক আসিফ নজরুল জানান, খুব শিগগিরই ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে বিসিবি আবারও আইসিসিকে ই–মেইল করবে। সরকারের প্রথম লক্ষ্য আইসিসিকে যুক্তির মাধ্যমে বোঝানো। তিনি বলেন, বাংলাদেশের হাতে শক্ত ও যৌক্তিক অবস্থান আছে এবং সেগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করা হলে বিশ্বকাপে অংশগ্রহণের পথ বের হবে।

সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, খেলোয়াড়দের পাশাপাশি সাংবাদিক, স্পনসর ও সমর্থকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। সব নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেট বোর্ডের একার পক্ষে সম্ভব নয় বলেই সরকারের দিকনির্দেশনা নেওয়া হচ্ছে। তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে বিসিবি নিজেদের অধিকার আদায়ে অবস্থান ধরে রাখবে।

বৈঠকে বিসিবি সভাপতি ছাড়াও সহসভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনসহ একাধিক পরিচালক উপস্থিত ছিলেন।