লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা প্রদান ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে হাসিবুল ইসলাম (৩১) নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ আগষ্ট) বিকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা নিজে অভিযান পরিচালনা করে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত হাসিবুল ইসলাম উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের সামছুল হকের ছেলে।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে লতাবর গ্রামে একটি চেম্বার খুলে নিজেকে ডিগ্রিধারী চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসার নামে প্রতারণা ও অপচিকিৎসা দিয়ে আসছিলেন হাসিবুল। এতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ধরনের অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের সামনে বৈধ কোনো চিকিৎসা ডিগ্রির কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তিনি। এ সময় তার চেম্বার ও দোকান থেকে বেশ কিছু নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
এ বিষয়ে ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “অবৈধভাবে চিকিৎসা দেওয়া এবং নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে হাসিবুল ইসলামকে দণ্ড দেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
জ্বালানির দাম বাড়ানোর কারণ জানালেন প্রতিমন্ত্রী
১ ঘন্টা আগে