রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

গোপালগঞ্জে সহিংসতা: আটক ১৪, থমথমে পরিবেশে চলছে বিশেষ অভিযান


প্রকাশ :

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'জুলাই পদযাত্রা' ঘিরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

আজ (১৭ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে ওসি জানান, বুধবারের সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটককৃত ১৪ জনকে রাত ৩টার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আটক করে থানায় হস্তান্তর করে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।

এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গতকাল দিনভর গোপালগঞ্জ শহরে দফায় দফায় হামলা, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এ হামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৫০ জন, যাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সংঘর্ষের পরপরই রাতেই শহরে কারফিউ জারি করা হয়, যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বলবৎ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আতঙ্ক ও উৎকণ্ঠার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকালেও শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা স্বস্তি ফিরে আসে। শহরের রাস্তাঘাট ও বাজারে ধীরে ধীরে লোকজনের চলাচল শুরু হয়। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সড়কের ওপর পড়ে থাকা ইট-পাটকেল, বাঁশ ও কাঠের টুকরো সরিয়ে নিতে দেখা গেছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।