রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ৩৯ হাজার জ্যেষ্ঠ নাগরিককে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা কার্যক্রম বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে ২০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের রাখা হয়েছে।
তিনি জানান, কমিটিগুলো গঠনের পর থেকে কার্যক্রমে অগ্রগতি হয়েছে। এরই মধ্যে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১১২টি হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করা হয়েছে।
মীর শাহে আলম বলেন, রাজধানীর ৩৯ হাজার জ্যেষ্ঠ নাগরিককে রাষ্ট্রীয়ভাবে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অভিজ্ঞতাসম্পন্ন হওয়ায় নগরীকে পরিচ্ছন্ন ও সবুজ করার কাজে তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
এ সময় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও সরকারের নতুন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে পৃথক একটি উইং গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা চালু থাকলেও এবার ঢাকা উত্তরেও তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত না হলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে বলেও সতর্ক করেন তিনি।
রাজধানীর উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অন্য সরকারের মতো ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানানোর প্রতিশ্রুতি দিতে চান না তারা। বরং ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
এ কার্যক্রম সফল করতে নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবার সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতাই পারে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে।