বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস হঠাৎ ঢাকায় এসেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন তিনি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। তবে তার এবারের সফরের উদ্দেশ্য এখনো জানা যায়নি।
বাংলাদেশে প্রায় তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাস ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেন। পরে যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করছেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমও দেখভাল করছেন।
পিটার হাসের এবারের ঢাকা সফর ব্যবসায়িক, নাকি অন্য কোনো উদ্দেশ্যে, সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিয়ে আসছিলেন পিটার হাস। এ বিষয়ে নির্বাচন কমিশন, সুশীল সমাজ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন তিনি।
তার এসব কূটনৈতিক তৎপরতা নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে একাধিকবার আপত্তি জানানো হয়েছিল। পিটার হাসের কর্মকাণ্ডকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বলেও অভিযোগ করেছিল সরকার।
অন্যদিকে বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলগুলোর কাছে তিনি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিলেন।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পিটার হাস জানিয়েছিলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি।
সূত্র: দৈনিক ইত্তেফাক