পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে সকালে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় দেশের এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।
সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান বলেন, সাভার, আশুলিয়া ও গাজীপুরে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আগামীকাল যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলো চাইলে এ ধারায় বন্ধ রাখতে পারবে।
বিজিএমইএ সভাপতি জানান, আগামী সোমবার মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা চলতে থাকলে বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, এমন কোনো কর্মকাণ্ডে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। একই সঙ্গে উসকানি ও অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধও করেন।
মালিকদের উদ্দেশে শ্রমিকনেতারা বলেন, বর্তমানে কয়েকটি এলাকায় শ্রমিক আন্দোলন চলছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখা প্রয়োজন।
উল্লেখ্য, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। আগামী সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মজুরি বোর্ডের আলোচনা শুরু হওয়ার পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।