মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আত্মসমর্পণ ছাড়া পাসপোর্টের আবেদন করতে পারবেন না পলাতক আসামি: শিশির মনির


প্রকাশ : (১ ঘন্টা আগে)
আত্মসমর্পণ ছাড়া পাসপোর্টের আবেদন করতে পারবেন না পলাতক আসামি: শিশির মনির
পলাতক কোনো আসামি আইনের কাছে আত্মসমর্পণ না করে পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, বাতিল হওয়া পাসপোর্ট পুনরায় ইস্যু করার জন্য নতুন করে আবেদন করার সুযোগ নেই। এ ক্ষেত্রে আইনি প্রতিকার পেতে আপিল করতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

শিশির মনির বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট গত বছরের ৭ জানুয়ারি বাতিল করা হয়েছে। আইন অনুযায়ী, কোনো ব্যক্তির পাসপোর্ট বাতিল হলে তা পুনরায় পাওয়ার জন্য আপিল করতে হয়। তবে শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে এখন পর্যন্ত কোনো আপিল করা হয়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, কোনো পলাতক আসামি আইনের অধীনে কোনো আবেদন করতে পারেন না। আইনি প্রক্রিয়ায় আবেদন করতে হলে প্রথমে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে।

ভারতে শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে এই আইনজীবী বলেন, মানবিক বিবেচনা এবং বাংলাদেশে নিরাপত্তা হুমকির কারণে ভারত সরকার তাকে শর্তসাপেক্ষে আশ্রয় দিয়েছে। ভারত সরকার তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।

শিশির মনির জানান, স্টিভেন পওলস কেসির পাঠানো চিঠিতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়ে সরাসরি আবেদন নয়, বরং প্রয়োজনীয় নথিপত্র কীভাবে দ্রুত সংগ্রহ করা যায়, সে বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে বলে তাদের ধারণা।

এদিকে, নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই। পাসপোর্ট আইন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে এ ধরনের পাসপোর্ট ইস্যু করা যায় না।

শেখ হাসিনা বর্তমানে ভারতেই অবস্থান করছেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ভারত থেকে দেওয়া বিভিন্ন বক্তব্যে শেখ হাসিনাকে সরাসরি দেখা যায়নি। এমনকি ভার্চুয়াল বক্তব্যে বক্তা শেখ হাসিনা কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

বিজ্ঞাপন