মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এ সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন তিনি। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু। এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরাও প্রতিনিধি দলে রয়েছেন।

সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, সম্ভাব্য বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি হবে। তবে সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকগুলোতে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলেও জানান তিনি।

সফর শেষে আগামী শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন