সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ঢাকার যানজট নিরসনে পিংক বাস, ইলেকট্রিক বাস ও মনোরেল চালুর পরিকল্পনা


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
ঢাকার যানজট নিরসনে পিংক বাস, ইলেকট্রিক বাস ও মনোরেল চালুর পরিকল্পনা

নারীদের নিরাপদ যাতায়াত, পরিবেশবান্ধব গণপরিবহন ও মেট্রোরেলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বহুমুখী উদ্যোগ সরকারের রাজধানী ঢাকাকে আধুনিক, পরিবেশবান্ধব ও সমন্বিত যোগাযোগব্যবস্থার মডেল নগরী হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। দীর্ঘদিনের যানজট নিরসন, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রীসেবার মানোন্নয়ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের পরিকল্পনায় রয়েছে নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ চালু, বিদ্যুৎচালিত বাসের ব্যবহার বৃদ্ধি, মেট্রোরেলের সঙ্গে অন্যান্য পরিবহনের সংযোগ বাড়ানো এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাই।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাজধানীর গণপরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যার মধ্যে রয়েছে অসহনীয় যানজট, বাস চলাচলে বিশৃঙ্খলা, অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত সময়সূচির অভাব, নারীদের নিরাপত্তাহীনতা ও বায়ুদূষণ। এসব সমস্যা সমাধানে বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সমন্বিত পরিবহনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক বাসসকে বলেন, ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। বাস চলাচলে শৃঙ্খলা, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা, অবৈধ পার্কিং বন্ধ এবং ট্রাফিক আইন প্রয়োগে জোর দেওয়া প্রয়োজন।

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ‘পিংক বাস’ চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সরকার। কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তা বাড়াতে পৃথক বাসসেবা চালুর পাশাপাশি সাধারণ গণপরিবহনেও কার্যকর নজরদারি ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা জোরদারের পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, রাজধানীর গণপরিবহনব্যবস্থাকে নিরাপদ, আধুনিক, পরিবেশবান্ধব ও জনবান্ধব করতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে।

অন্যদিকে, ঢাকার বায়ুদূষণ কমাতে বিদ্যুৎচালিত বাসের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য বাস ডিপো, টার্মিনাল ও গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্রে চার্জিং স্টেশন স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ব্যাটারি ব্যবস্থাপনার সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

এ ছাড়া বর্ষাকালে জলাবদ্ধতার কারণে গণপরিবহন চলাচলে যে বিঘ্ন ঘটে, তা নিরসনে জলাবদ্ধতাপ্রবণ এলাকা চিহ্নিত করা, পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন এবং যাত্রীদের জন্য উন্নত বাসস্টপ নির্মাণের বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব গণপরিবহন গড়ে তোলার পাশাপাশি যানবাহনের নির্গমনমাত্রা নিয়ন্ত্রণ ও ফিটনেস পরীক্ষার কার্যকারিতা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগ করা হবে।

রাজধানীর যোগাযোগব্যবস্থায় মেট্রোরেলের সঙ্গে বাস, হাঁটার পথ, সাইকেল ও অন্যান্য গণপরিবহনের কার্যকর সংযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় মনোরেল চালুর সম্ভাবনা যাচাই করা হচ্ছে। তবে এসব প্রকল্প বাস্তবায়নের আগে যাত্রী চাহিদা, নির্মাণ ব্যয়, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করা হবে।

এ ছাড়া বাসের অবস্থান, সম্ভাব্য পৌঁছানোর সময়, ভাড়া ও রুট সম্পর্কে যাত্রীদের তথ্য দিতে ডিজিটাল বাস ব্যবস্থাপনা চালুর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বাস রুট পুনর্বিন্যাস, নির্ধারিত স্টপেজ, সময়সূচি অনুসরণ এবং যানবাহনের মান নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে রাজধানীতে নিরাপদ, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তোলার পথ তৈরি হবে।

সূত্র: বাসস

বিজ্ঞাপন