মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

বাংলাদেশে ভ্যাকসিন কারখানা স্থাপনে সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনা


প্রকাশ : (১০ ঘন্টা আগে)
বাংলাদেশে ভ্যাকসিন কারখানা স্থাপনে সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনা

জাপানের টোকিওতে নিপ্পন ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিন উৎপাদনের কারখানা স্থাপনে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন তাঁরা।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওর মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে এ নৈশভোজের আয়োজন করা হয়।

নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে ঢাকায় ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের স্মৃতিচারণ করেন। পাশাপাশি বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে অবদান রাখায় সাসাকাওয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আলোচনায় বাংলাদেশে সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিজস্ব ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে কারখানা স্থাপনে সহযোগিতার সম্ভাবনা উঠে আসে।

নৈশভোজে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সফরসঙ্গী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেন।

জাপানের পক্ষে নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়াসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা নৈশভোজে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন