রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

২৯ অক্টোবর এইচএসসির ফল, অনলাইন ও এসএমএসে জানবেন যেভাবে


প্রকাশ : (৫৮ মিনিট আগে)
২৯ অক্টোবর এইচএসসির ফল, অনলাইন ও এসএমএসে জানবেন যেভাবে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার)। অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে সহজেই ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

শনিবার (২৪ অক্টোবর) রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফলসংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর (সোমবার) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

অনলাইনে যেভাবে ফল দেখবেন

শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd-এ প্রবেশ করে পরীক্ষার নাম, পরীক্ষার বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর নির্বাচন বা লিখে ফল দেখা যাবে। ওয়েবসাইটে ফলের বিস্তারিত তথ্য ও প্রাপ্যতা অনুযায়ী মার্কশিটও সংগ্রহ করা যাবে।

প্রতিষ্ঠানের ফল যেভাবে পাওয়া যাবে

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর ফল একসঙ্গে সংগ্রহ করতে পারবে।

এসএমএসে ফল জানার নিয়ম

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নিচের নিয়মে লিখতে হবে:

HSC DHA 123456 2026

এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এখানে DHA-এর জায়গায় নিজের শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর এবং 123456-এর জায়গায় পরীক্ষার্থীর রোল নম্বর বসাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এসএমএসের জন্য মোবাইল অপারেটরের নির্ধারিত চার্জ প্রযোজ্য হতে পারে।

প্রসঙ্গত, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে সেগুলো অনুষ্ঠিত হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন।

বিজ্ঞাপন