রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী


প্রকাশ : (৪ ঘন্টা আগে)
চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ আকৃষ্ট এবং বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ও সানায়ে তাকাইচির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের (ইপিএ) বাস্তবায়ন, জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ প্রশিক্ষণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরকালে কয়েকটি সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।

সফরে প্রধানমন্ত্রী জাপানের বড় কোম্পানি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি ‘জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। পাশাপাশি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।

সফরসূচিতে চিবা প্রিফেকচারের ফুত্তসু সিটিতে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি নাগোয়ায় ইউনিক্লোর সদর দপ্তর ও টয়োটার কারখানা পরিদর্শনও অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত ১২টি অগ্রাধিকার খাতে প্রায় ১৩ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্যাকেজের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বিনিয়োগের আওতায় পরিবহন, বন্দর ও শিল্প অবকাঠামো, উৎপাদন শিল্প, সেমিকন্ডাক্টর, অটোমোবাইল, জ্বালানি এবং জলবায়ু-সহনশীল অবকাঠামোসহ বিভিন্ন খাত রয়েছে।

আলোচনায় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং জ্বালানি নিরাপত্তার বিষয়ও গুরুত্ব পেতে পারে। পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগের মাধ্যমে শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা।

১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। ঢাকা মেট্রোরেলসহ বাংলাদেশের বিভিন্ন বড় অবকাঠামো প্রকল্পে জাপানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

বিজ্ঞাপন