শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

জবিতে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা


প্রকাশ : (১৪ ঘন্টা আগে)
জবিতে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে লালমনিরহাট থেকে আগত নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আগামী দিনে লালমনিরহাটের নেতৃত্ব তোমাদেরই দিতে হবে। নিজেদের জেলার ঐতিহ্য ও আঞ্চলিক ভাষা নিয়ে লজ্জিত না হয়ে তা নিয়ে গর্ববোধ করতে হবে।” শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার বিষয়ে মন্ত্রী বলেন, ঈদের সময় লালমনিরহাটগামী যাত্রীদের ভাড়া নিয়ন্ত্রণে বাস মালিক সমিতির সঙ্গে কথা বলবেন। একই সঙ্গে ছাত্রীদের আবাসিক হলের বিষয়েও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান তিনি। এ সময় লালমনিরহাটের দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে জেলা ছাত্রকল্যাণ সমিতির ফান্ডে ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন মন্ত্রী। পাশাপাশি মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে শিক্ষার্থীদের সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “এটি নিয়ে অনেক ধরনের নেতিবাচক প্রচারণা হলেও এর কাজ অনেকদূর এগিয়েছে। এত বড় একটি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আগে হাওয়ার ওপর বক্তব্য দেওয়া হতো। এখন বড় বড় বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা হচ্ছে। তারা রিপোর্ট জমা দিলে শিগগিরই আমরা কাজ শুরু করব, ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের আর্থসামাজিক চিত্রে ব্যাপক পরিবর্তন আসবে। এর আগে প্রকাশিত প্রতিবেদনে তিনি ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপনের আশাবাদও ব্যক্ত করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। তিনি শিক্ষার্থীদের নিজেদের শেকড় ও এলাকার সঙ্গে সম্পর্ক অটুট রাখার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের নিজ জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

রোকন উদ্দিন বাবুল জানান, লালমনিরহাটের রেল যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে জেলার তিন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন। পাশাপাশি লালমনিরহাট হয়ে বুড়িমারী পর্যন্ত ফোরলেন সড়ক সম্প্রসারণের উদ্যোগেও তাঁদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে তিনি ব্যক্তিগত তহবিল থেকেও সমিতিকে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন। রোকন উদ্দিন বাবুল বর্তমানে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আজিজুল হাকিম (আকাশ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা সুজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, লালমনিরহাট জেলা সমিতির সাবেক প্রধান উপদেষ্টা এম এ কাদের সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর, সহযোগী অধ্যাপক মুনমুন মাশরাফী, লালমনিরহাট জেলা সমিতির ছাত্র বিষয়ক সম্পাদক ইমরুল কায়েস, ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল খান দূর্জয়, দপ্তর সম্পাদক সৈকত রায়হান শাওন, লালমনিরহাট সদর উপজেলা ছাত্রকল্যাণের সভাপতি সাকিব জিসান, সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম মৃদ্যু, দপ্তর সম্পাদক শেফাউল আজম, ইডেন কলেজ ছাত্রকল্যাণ লালমনিরহাটের যুগ্ম আহ্বায়ক বুশরা মেহজাবীন, সদস্য সচিব ফারিয়া জামান ঐশী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণের সভাপতি অনু সহ ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণের সাবেক ও বর্তমান ছাত্রনেতৃবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং লালমনিরহাট থেকে আগত নবীন ও বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে লালমনিরহাটের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন