সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে ফাহমিদা আক্তার চৌধুরী ইভা


প্রকাশ : (৪ ঘন্টা আগে)
নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে ফাহমিদা আক্তার চৌধুরী ইভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ফাহমিদা আক্তার চৌধুরী ইভা নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির জন্য যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে পূর্ণ স্কলারশিপ পেয়েছেন। তাঁর এই অর্জন দেশের তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করার পর ফাহমিদা পূর্ণ স্কলারশিপে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হন। সেখানে পড়াশোনার পাশাপাশি গবেষণায়ও সাফল্য দেখান তিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন একাডেমিক ও বৈজ্ঞানিক সম্মেলনে নিজের গবেষণাকর্ম উপস্থাপনের সুযোগ পান এবং আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে পরিচিতি তৈরি করেন।

মাস্টার্স শেষ করার পর একই বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির জন্য পূর্ণ অর্থায়নের সুযোগ পেয়েছেন ফাহমিদা। তাঁর পিএইচডি প্রোগ্রামের অর্থায়নের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় দুই কোটি টাকারও বেশি।

ফাহমিদার এই সাফল্যের পেছনে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে শুরু থেকেই তাঁর বাবা উৎসাহ ও সহযোগিতা করেছেন। পরবর্তী সময়ে স্বামী ডাক্তার রোমান খানও তাঁর উচ্চশিক্ষা ও গবেষণার লক্ষ্য পূরণে পাশে থেকেছেন।

ফাহমিদার পথচলা বিশেষভাবে তরুণ শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দেশের একজন শিক্ষার্থীও আন্তর্জাতিক পর্যায়ে নিজের অবস্থান তৈরি করতে পারেন। একই সঙ্গে তাঁর সাফল্য প্রমাণ করে, বিয়ের পরও একজন নারী চাইলে শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ারে নিজের স্বপ্ন এগিয়ে নিতে পারেন।

বর্তমানে ফাহমিদা আক্তার চৌধুরী ইভা তাঁর স্বামী ডাক্তার রোমান খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি গবেষণার প্রস্তুতি নিচ্ছেন।

বিজ্ঞাপন