কুড়িগ্রামের রাজারহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই সপ্তাহের মিড ডে মিলের বিস্কুট পায়নি শিক্ষার্থীরা। শিক্ষকরা জানান,গত দুই সপ্তাহ ধরে মিড ডে মিলের স্কুল ফিডিং বিস্কুট সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কায় শিক্ষকরা।শিক্ষকরা বলেন,গত ২৮ জুলাই মঙ্গলবার ও আজ ৪ আগস্ট মঙ্গলবার উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাণ ডেইরি বিস্কুট সরবরাহ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।বিস্কুট সরবরাহের অভাবে শিক্ষার্থীদের মাঝে শুধু কলা বিতরণ করা হয়েছে।
গাবুর হেলান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, ‘বর্তমানে স্কুল ফিডিং কার্যক্রমের মূল আকর্ষণ হচ্ছে বিস্কুট। কিন্তু সরবরাহ অনিয়মিত হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে। অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে আমাদের জবাবদিহি করতে হচ্ছে। দুঃখজনক বিষয় হলো, আমরা নিজেরাও এর সুনির্দিষ্ট কারণ জানি না।’
পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান ইমু জানায়, ‘গত সপ্তাহে আমরা বিস্কুট পাইনি। স্যার বলেছেন আসবে, কিন্তু পাইনি। শুধু কলা খেয়েছি।’
একই বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক এনামুল হক সরকার বলেন, ‘আমার ছেলে প্রথম শ্রেণিতে পড়ে। গত মঙ্গলবারও বিস্কুট দেওয়া হয়নি, আজও দেওয়া হয়নি। শিশুদের পুষ্টি ঘাটতি পুরণে সরকারের এই উদ্যোগ থাকলেও নিয়মিত সরবরাহ না থাকায় এর সুফল মিলছে না। এতে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যাচ্ছে।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মদ জানান, ‘টেন্ডার সংক্রান্ত জটিলতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান উৎপাদন দিতে পারছে না বলে জানিয়েছে।’
অন্যদিকে ডেইরি
এর সাব-ডিলার আকাঈদ হোসেন বলেন, ‘গ্যাস সংকটের কারণে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় উৎপাদন শুরু করা হবে।’তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি।