পরীক্ষা স্থগিতের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই বুধবার (১৫ জুলাই) দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে পরীক্ষা শেষে রাজধানীর উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্তঃশিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।
তবে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এ দিনের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, চট্টগ্রাম ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডে পরীক্ষা গ্রহণের পরিবেশ অনুকূল থাকায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও এ সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন একদল শিক্ষার্থী। তাদের দাবির মধ্যে রয়েছে, বন্যা ও জলাবদ্ধতার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘোষণায় আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বুধবার পরীক্ষা শেষে বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু হবে। ঘোষিত কর্মসূচিতে এইচএসসি পরীক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।