রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

ডাকসু নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থীর ইশতেহার ঘোষণা


প্রকাশ :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী তাহমিনা আক্তার। মঙ্গলবার তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে তিনি বলেন, ধর্মের নামে উগ্রবাদি সন্ত্রাসী চক্রের নিপীড়ন থেকে ছাত্রীরা যেন স্বাধীন ও মুক্ত জীবনের বিকাশ ঘটাতে পারে—তা নিশ্চিত করতে হবে। তার মতে, রাজনীতিই মানুষের জীবনের মূল নিয়ামক শক্তি। রাজনীতির বাইরে জীবনের কোনো স্বাধীনতা, অধিকার বা নিরাপত্তা সম্ভব নয়।

তাহমিনা আক্তার অভিযোগ করেন, একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতি এবং ধর্মের নামে কিংবা জাতীয়তাবাদের নামে প্রতিষ্ঠিত স্বৈরশাসনই মানবতার সব সংকট, খুন-গুম, যুদ্ধ, রাষ্ট্রীয় সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞের প্রধান কারণ। তিনি বলেন, মানবতার রাজনীতির মাধ্যমেই বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সবার সমান অধিকারের রাষ্ট্র গঠন সম্ভব।

তার ইশতেহারে কিছু স্পষ্ট অঙ্গীকারও তুলে ধরা হয়েছে—

১) দলীয় আধিপত্য, জবরদখল ও সংঘাতমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা।

২) মুক্ত জ্ঞানচর্চা ও স্বাধীন জীবন বিকাশের জন্য নিরাপদ ক্যাম্পাস ও হল নিশ্চিত করা।

৩) বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও ছাত্র সংসদকে দলীয় বৈষম্যমুক্ত রেখে সবার কল্যাণে কাজ করা।

৪) সকল পরীক্ষা ফি বন্ধ করা।

৫) ছাত্র সংসদ তহবিলের দুই-তৃতীয়াংশ গরিব ছাত্র-ছাত্রীদের কল্যাণে ব্যয় করা।

৬) আসন, শিক্ষক ও আবাসিক হল বাড়ানো এবং সব ধরনের কোটা বাতিল করা।

৭) গণতান্ত্রিক মতপ্রকাশের পরিবেশ বজায় রাখা এবং বিশেষ করে ধর্মের নামে উগ্রবাদী নিপীড়ন থেকে ছাত্রীদের সুরক্ষা দেওয়া।

তাহমিনা আক্তার বলেন, “আমরা সংখ্যাগরিষ্ঠ ছাত্রসমাজ যদি এই দাবিগুলোর ভিত্তিতে ঐক্যবদ্ধ হই, তবে বৈষম্যমুক্ত, নিরাপদ ও মানবতার ভিত্তিতে একটি নতুন ছাত্ররাজনীতি গড়ে তোলা সম্ভব।” তিনি ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান, আগামী নির্বাচনে তাকে (ব্যালট নং-১০) ভোট দিয়ে ধর্মের নামে সাম্প্রদায়িক স্বৈরশক্তি ও জাতীয়তাবাদী অপরাজনীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য।